স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি হওয়ার কিছু সময় পর মুসরিকা আক্তার মিতু নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে উপজেলার মামুদপুর চৌতাপাড়া গ্রামে বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মিতু ওই গ্রামের সাঞ্জাপাড়ার মাসুদ রানার মেয়ে। এক বছর আগে চৌতাপাড়া গ্রামের শাহিনুর ইসলামের ছেলে সোয়ায়েব ইসলাম শুভর সঙ্গে তার বিয়ে হয়।
মিতুর শ্বশুর শাহিনুর ইসলাম বলেন, বাড়ির পাশের একটি পুকুরে সেচের কাজ চলছিল। রাত তিনটার দিকে শুভ ও মিতু সেখানে যান। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। মিতু বাড়িতে ফিরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে মিতুর ছোট বোনের চিৎকার শুনে পরিবারের সদস্যরা গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
