logo

নেশা করে মা-বোনদের মারধর, যুবকের ৬ মাস সাজা

নেশা করে মা-বোনদের মারধর, যুবকের ৬ মাস সাজা
অভিযুক্ত যুবক সুমন খলিফা। ছবি: এশিয়া পোস্ট

বরগুনা পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় গাঁজা সেবন করে মা ও দুই বোনকে মারধর ও বসতঘরে ভাঙচুরের অভিযোগে সুমন খলিফা (৩৫) নামে এক মাদকাসক্ত যুবককে ৬ মাসের সাজা দিয়েছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) রাতে ওই যুবককে পৃথক দুটি অপরাধে ৬ মাসের সাজা দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মনিরুজ্জামান। এর আগে মঙ্গলবার বিকেলে খবর পেয়ে ওই যুবককে আটক করে হেফাজতে নেয় বরগুনা সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, মাদকাসক্ত সুমন খলিফা গাঁজা সেবন করে নেশার টাকার জন্য তার মা নিলুফা(৬০), বোন নিশিতা শিমু (২৯) ও সুমাইয়া আক্তার মিমকে (২৪) মারধর করে বসতঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পুলিশ স্বজনদের কাছে থেকে অভিযোগ পেয়ে তাদের বাড়িতে গিয়ে সুমন খলিফাকে আটক করে থানায় নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদ শেষে বুধবার রাতে ২৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে সুমন খলিফার ডোপ টেস্ট করালে তা পজেটিভ আসে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মাদক সেবন করে মা ও বোনদের মারধর করার পর অভিযোগ পেয়ে আটক করে ডোপ টেস্ট করালে তার নিয়মিত নেশার প্রমাণ নিশ্চিত হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সংক্ষিপ্ত বিচারে গাঁজা সেবন করায় ৩ মাস, মা ও বোনদের মারধর করায় আরও তিনমাস এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।