‘আব্বু-আম্মু ক্ষমা করে দিও’ চিরকুট লিখে শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।
নিহতের প্রতিবেশী শেখ ইয়াসিন জানান, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকেই তীব্র মানসিক হতাশায় ভুগছিলেন হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরে তিনি এ চরম পথ বেছে নেন।
এদিকে মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে তিনি উল্লেখ করেছেন, পরীক্ষার ফলাফলের জন্য নিজেকে ক্ষমা করতে পারছে না। মা-বাবা তার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং তিনিও ভালো ফলাফলের জন্য চেষ্টা করেছে। তবে ফলাফলের পেছনে পরীক্ষার হলের দায়িত্বরত শিক্ষকের ভুলের বিষয়টিও চিরকুটে উল্লেখ করেছেন এই শিক্ষার্থী। চিরকুটের শেষে মা-বাবার কাছে ক্ষমাও চেয়েছেন।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা আত্মহত্যার চিরকুট পর্যালোচনা করে বিষয়টিকে আত্মহনন বলেই ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।