logo

ইউরোপ পাঠানোর নামে প্রতারণা, হাতিয়ে নেন ৭৩ লাখ টাকা

ইউরোপ পাঠানোর নামে প্রতারণা, হাতিয়ে নেন ৭৩ লাখ টাকা

ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর নামে ৭৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ছরওয়ার মুর্শেদ ওয়ালিম নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) এই তথ্য জানানো হয়।

এর আগে সোমবার রাতে র‌্যাব-৯ ও র‌্যাব-১ যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার নীলা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ছরওয়ার মুশর্দ ওয়ালিম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যুধিষ্ঠিপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রতারণার শিকার সুনামগঞ্জ সদর মডেল থানার তেতইয়া এলাকার বাসিন্দা শরীফ উদ্দিন অভিযোগের ভিত্তিতে ছরওয়ার মুর্শেদ ওয়ালিমকে আটক করা হয়। অভিযুক্ত আবুল হোসেন ও ছরওয়ার মুর্শেদ ওয়ালিম ট্রাভেল এজেন্সির মাধ্যমে আলবেনিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে প্রচার করে ৯ জনের কাছ থেকে প্রায় ৭৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

র‌্যাব আরও জানায়, অভিযুক্তরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আলবেনিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠায় বলে জানায়। এরপর ভুক্তভোগী শরিফ উদ্দিনসহ আরও আটজন আলবেনিয়া যাওয়ার আগ্রহ প্রকাশ করলে প্রত্যেকের কাছ থেকে ১২ লাখ টাকা দাবি করেন তারা। এর মধ্যে প্রথমে ৪ লাখ টাকা এবং বাকি টাকা বিদেশে যাওয়ার সময় পরিশোধের কথা বলা হয়। ২০২৪ সালের ৬ ও ৭ জুলাই ভুক্তভোগীসহ ৯ জন প্রত্যেকে ১ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা দেন। পরে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও নগদের মাধ্যমে অভিযুক্তদের মোট ৭২ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা পরিশোধ করা হয়।

এক পর্যায়ে অভিযুক্তরা শ্রীলঙ্কা হয়ে আলবেনিয়া পাঠানোর কথা বলে ভুক্তভোগীদের ঢাকায় ডেকে নেন। পরে অভিযুক্তরা ৯ জনের মধ্যে ৭ জনকে শ্রীলঙ্কায় নিয়ে গিয়ে একটি বাসায় রেখে গোপনে দেশে ফিরে আসেন। পরে ওই ৭ জন কোনো উপায় না পেয়ে দেশে ফিরে আসেন। এ ঘটনায় ভুক্তভোগী শরীফ উদ্দিন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

র‌্যাব কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ছরওয়ার মুর্শেদ ওয়ালিমের বিরুদ্ধে বিদেশি কর্মসংস্থান ও অভিবাসী আইনে মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।