logo

হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে ১৮ ডিসেম্বরের মধ্যে: জাবের

হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে ১৮ ডিসেম্বরের মধ্যে: জাবের
সংবাদ সম্মেলনে কথা বলছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। ছবি : এশিয়া পোস্ট

শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকারকে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের খালপাড় এলাকার শহীদ রফিক চত্বরে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে এনে কীভাবে বিচারের মুখোমুখি করা হবে, তা সরকারকেই নিশ্চিত করতে হবে। এ দায় সরকারের, ইনকিলাব মঞ্চের নয়।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা ও গণহত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে বিএনপির জন্য আরও ভয়াবহ সময় অপেক্ষা করছে। আওয়ামী লীগ যে পথে হেঁটে ক্ষমতাচ্যুত হয়েছে, বিএনপি একই পথ অনুসরণ করলে তারাও বেশিদিন টিকে থাকতে পারবে না।

সংবাদ সম্মেলনে জাবের অভিযোগ করেন, ওসমান হাদি হত্যার পর থেকেই মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। হত্যাকাণ্ডে জড়িতরা ভারতে অবস্থান করছেন দাবি করে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার চিঠি দেওয়া হলেও ভারত কোনো জবাব দেয়নি। এমনকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে কথা না বলার জন্য ফোন করেছেন বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, সরকার যথেষ্ট সময় পেয়েছে। নির্বাচনের আগে বিচার দাবিতে আন্দোলন করা হলে বলা হয়েছিল নির্বাচন বানচাল করতেই এই কর্মসূচি। অথচ নির্বাচন শেষ হওয়ার আট মাস পেরিয়ে গেলেও কেন বিচার হচ্ছে না, সরকারকে সেই জবাব দিতে হবে।

‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়ে জাবের বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং নিজে ভোট দিয়েছেন। অথচ এখন সেই রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে না। বিএনপিকে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

রাজনৈতিক পরিচয় ও ভোটাধিকার প্রয়োগের কারণে মানুষ নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে তিনি বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কারও বাবাকে গুম করে হত্যা করা হয়েছে, আবার কারও স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে।

তিনি সতর্ক করে বলেন, জনগণের অধিকার ক্ষুণ্ন করে দীর্ঘকাল ক্ষমতায় থাকা যায় না। মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে তামাশা করলে এবং ন্যায়বিচার বঞ্চিত করলে ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। গণভোটের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি যদি সেই গণভোটের রায়ই অগ্রাহ্য করে, তবে তা দলটির জন্য বড় রাজনৈতিক সংকট তৈরি করবে।

সংবাদ সম্মেলনে শহীদ ওসমান হাদি হত্যার বিচার সুনিশ্চিত করা এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানানো হয়।