logo
Advertisement

লোকায়ন জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত, বাংলার ঐতিহ্যে মুগ্ধ

এশিয়া পোস্ট নিউজ,ঠাকুরগাঁও
লোকায়ন জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত, বাংলার ঐতিহ্যে মুগ্ধ
ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

উত্তর জনপদের ইতিহাস, জীববৈচিত্র্য ও হাজার বছরের লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা এলাকায় অবস্থিত বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা এই জাদুঘরে পৌঁছান তিনি।

জাদুঘর প্রাঙ্গণে মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। পরে তাদের জাদুঘরের পটভূমি, উদ্দেশ্য এবং গ্রামীণ জীবনধারা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নদী ও পরিবেশ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে গৃহীত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ছবি : এশিয়া পোস্ট
ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ছবি : এশিয়া পোস্ট

পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী জাদুঘরের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, লোকজ খেলনা, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, জীবনঘনিষ্ঠ বিজ্ঞান এবং মহান মুক্তিযুদ্ধ গ্যালারিসহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন। বিশেষ করে হারিয়ে যেতে বসা গ্রামীণ জীবনের ঐতিহ্য ও প্রায় ২৫০ প্রজাতির উদ্ভিদ প্রজাতি নিয়ে গড়ে তোলা ‘জীবন্ত বৃক্ষ গ্যালারি’ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। পরে তারা মুক্তিযুদ্ধ গ্যালারিতে স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচিহ্ন ও দলিলপত্র পর্যবেক্ষণ করেন।

জাদুঘরের সংগ্রহ ও উপস্থাপনার ভূয়সী প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এখানে এসে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও জীববৈচিত্র্য জানার এক চমৎকার সুযোগ হলো। গ্রামীণ জীবনধারা ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, এই পরিদর্শনের মাধ্যমে উত্তরাঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন রূপ লাভ করবে এবং তাঁদের সংরক্ষণ উদ্যোগে নতুন উদ্দীপনা জোগাবে।

পরিদর্শনকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন এবং অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।