নিরপেক্ষ সাংবাদিকতার প্রত্যয়ে বরিশালে এশিয়া পোস্টের যাত্রা শুরু

নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে বরিশালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’। এ উপলক্ষে সোমবার (১১ মে) সকালে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এশিয়া পোস্টের বরিশাল প্রতিনিধি শাকিল মাহমুদ এই অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নতুন এই গণমাধ্যমের সফলতা কামনা করে বক্তব্য দেন।
বক্তব্য রাখেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সিনিয়র তথ্য কর্মকর্তা আহসান কবির, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, জেলা পুলিশের কর্মকর্তা সাইদুর রহমান এবং জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা অ্যাডভোকেট নাসিরসহ এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাসদ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এশিয়া পোস্ট গণমাধ্যম জগতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে নতুন এই সংবাদমাধ্যমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সংবাদকর্মীরা এশিয়া পোস্টের বরিশাল প্রতিনিধি শাকিল মাহমুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।