logo

নিক্সন চৌধুরী নির্বাচনে নাশকতার চেষ্টা করছেন : বিএনপি প্রার্থী বাবুল

নিক্সন চৌধুরী নির্বাচনে নাশকতার চেষ্টা করছেন : বিএনপি প্রার্থী বাবুল

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের পলাতক নেতা ও সাবেক এমপি নিক্সন চৌধুরীর কালো টাকা ব্যবহার হচ্ছে নির্বাচনে। তিনি নির্বাচনে নাশকতার চেষ্টা করছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুরের সদরপুরের কাঠপট্টি এলাকায় তার বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, নিক্সন চৌধুরীর দুই এপিএস এলাকায় গিয়ে স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমে মানুষকে টাকা-পয়সা দিচ্ছেন। বিদেশে বসে নিক্সন চৌধুরী এ এলাকার মানুষকে ভয়-ভীতি দেখাচ্ছেন। বাড়ি বাড়ি মহিলা পাঠিয়ে বিভিন্নভাবে টাকা দিচ্ছেন সেই ভিডিও আমাদের কাছে রয়েছে। বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে‌ এ গোষ্ঠী। প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে এক স্বতন্ত্র প্রার্থীর ভাই মহড়া দিচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানাই। অন্যথায় কিছু হলে এর দায় আমাদের দল নেবে না।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল বলেন, এ আসনে নিক্সন চৌধুরী একাধিকবার এমপি ছিলেন। তার অনেক লোকও রয়েছে। তাদের নিয়ে নির্বাচন বানচাল করার জন্য তিনি একাধিকবার জুম মিটিং, গ্রুপ মিটিং করেছেন। তার কাছে প্রচুর কালো টাকা রয়েছে। এই কালো টাকা ব্যবহার করে নির্বাচন ম্যানিপুলেট করছেন। আমাদের কাছে তথ্য রয়েছে, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ এবং তার সমর্থকরা প্রকাশ্যে নিক্সন চৌধুরীর সহযোগী নজরুলসহ কয়েকজনের সহযোগিতায় লুটের কালো টাকা দিয়ে রাতের অন্ধকারে গাড়িবহর নিয়ে এলাকায় ঘোরাফেরা করছে। নিক্সন চৌধুরী যে টাকা ছড়াচ্ছে এবং তার লোকগুলো যে তৎপরতা চালাচ্ছে তাতে পরিবেশ নষ্ট হচ্ছে। 

এ সময় সদরপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান, চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাদল আমীন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি সেলিম খন্দকার, জেলা কৃষকদের সেক্রেটারি মুরাদ হোসেন, মহানগর কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন অর রশীদ মামুনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।