পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের দায়ে হাফিজার শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন।
মামলার নথি ও অভিযোগ সূত্রে জানা যায়, দণ্ডিত হাফিজার শেখ মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের বাসিন্দা। তার ছেলে ইসরান শেখের সঙ্গে ভুক্তভোগী নারীর পারিবারিকভাবে বিয়ে হয় প্রায় তিন বছর আগে। বিয়ের পর থেকেই হাফিজার তার ছেলের স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্বামীকে বিষয়টি জানালেও তিনি তা গুরুত্ব না দিয়ে সময়ক্ষেপণ করেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, স্বামী বাড়িতে না থাকলে হাফিজার ওই নারীর সঙ্গে অসদাচরণের চেষ্টা করতেন। একপর্যায়ে বিষয়টি নিয়ে শাশুড়ি, স্বামী ও চাচাশ্বশুরদের উপস্থিতিতে একাধিকবার সালিশও হয়। তবে এরপরও হাফিজার তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করতেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ২৫ আগস্ট সকাল ১১টার দিকে হাফিজার কৌশলে ওই নারীকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে মান-সম্মানের ভয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি কাউকে না জানিয়ে বাবার বাড়িতে চলে যান তিনি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরে মধুখালী থানায় অভিযোগ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে জরিমানা ও অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

