বাসার এসির ভেতরে মিলল দুই জোড়া কালনাগিনী সাপ

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
বাসার এসির ভেতরে মিলল দুই জোড়া কালনাগিনী সাপ
এসি থেকে উদ্ধার হওয়া দুই জোড়া কালনাগিনী সাপ। ছবি : এশিয়া পোস্ট

বরিশালের এক সাবেক ইউপি সদস্যের বসতঘরের এসির ভেতর থেকে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপগুলোর দৈর্ঘ্য প্রায় আড়াই থেকে তিন ফুট।

Advertisement

শনিবার (২৭ জুন) বিকেলে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মজিবুল হক সেন্টুর বাড়িতে অভিযান চালিয়ে সাপগুলো উদ্ধার করেন বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র সদস্যরা। তবে এসির আউটডোর ইউনিটে থাকা আরও একটি সাপ পালিয়ে যায়।

সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মজিবুল হক সেন্টু জানান, শুক্রবার (২৬ জুন) রাতে শোবার ঘরের এসির নিচের অংশে প্রথমে একটি সাপের লেজ দেখতে পান তিনি। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে কক্ষটি বন্ধ করে দেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সেখান থেকে ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। খবর পেয়ে শনিবার বিকেলে সংগঠনটির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।

সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, বিকেল ৩টা থেকে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দুটি জোড়া, অর্থাৎ চারটি কালনাগিনী সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এসির আউটডোর ইউনিটে থাকা আরও একটি সাপ উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি বলেন, বাড়িটির সামনে ও পেছনে ঘন ঝোপঝাড় রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই এসির পাইপ বা দেয়ালের ফাঁকা অংশ দিয়ে সাপগুলো ঘরের ভেতরে প্রবেশ করেছে।

তিনি আরও জানান, কালনাগিনী মৃদু বিষধর হলেও সাধারণত মানুষের জন্য তেমন ক্ষতিকর নয়। উদ্ধার করা সাপগুলো বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে, চলতি মাসে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ডিআইজির কক্ষ থেকে চারটি এবং নগরীর সাগরদী এলাকার ‘বরিশাল মেডিকেল সার্ভিসেস’ ক্লিনিক থেকে একটি কালনাগিনী উদ্ধার করা হয়। সব মিলিয়ে চলতি মাসে বরিশাল নগরী ও আশপাশের এলাকা থেকে এ পর্যন্ত ১০টি কালনাগিনী সাপ উদ্ধার হয়েছে।

বিষয় :বরিশাল