logo

সুবর্ণচরে মা-মেয়ে ‘ধর্ষণ’ মামলার আসামি ধানের শীষের প্রচারে

সুবর্ণচরে মা-মেয়ে ‘ধর্ষণ’ মামলার আসামি ধানের শীষের প্রচারে

নোয়াখালীর সুবর্ণচরে মা-মেয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার হোতা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল খায়ের মুন্সিকে বিএনপির নির্বাচনি প্রচারণায় দেখা গেছে। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে আল-আমিন বাজারে ধানের শীষের নির্বাচনি কার্যালয়ে বসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে প্রচারণার বিষয়ে আলোচনা করছিলেন আবুল খায়ের মুন্সি। এ সময় উপস্থিত একজন তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিঁধ কেটে মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আবুল খায়ের মুন্সি প্রধান আসামি হিসেবে দীর্ঘ সময় কারাগারে ছিলেন। এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৯ মে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। এরপর থেকে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিয়মিত হাজিরা দিচ্ছেন। 

এদিকে, বিএনপির নির্বাচনি প্রচারণায় আওয়ামী লীগের এই বিতর্কিত নেতার উপস্থিতি স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে আবুল খায়ের মুন্সি মোবাইল ফোনে বলেন, ‘আমি অনেক আগে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দিয়েছি। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি, আমার ওয়ার্ডে বিএনপির অফিস নিয়েছি।’

চরওয়াপদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলি উদ্দিন সেলিম বলেন, ‘কে বা কারা আবুল খায়ের মুন্সিকে বিএনপির নির্বাচনি প্রচারণায় এনেছে আমি জানি না। তবে তার মতো চিহ্নিত অপরাধী ও আওয়ামী লীগ নেতা যদি বিএনপির হয়ে প্রচারণা চালায়, তবে সাধারণ ভোটাররা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, আবুল খায়ের মুন্সির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ায় পর সংগঠন থেকে ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সংগঠনের আর কোনো কাজে তিনি ছিলেন না।