logo

ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে খুনের অভিযোগ

ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে খুনের অভিযোগ

নরসিংদী জেলা শহরে আল-আমিন নামে এক ব্যাটারিচালিত রিকশাচালককে ছুরিকাঘাতে খুনের অভিযোগ পাওয়া গেছে তার ছোট ভাই আল-হাসানের বিরুদ্ধে।

শনিবার (২ মে) সকালে শহরের সাটিরপাড়ার আজাদ ফিলিং পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আল-আমিন ও আল-হাসান নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলি বাজারের নুর ইসলামের ছেলে। তারা শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্বজনরা জানান, তাদের পাঁচ ভাই ও দুই বোন রয়েছে। আল-আমিন ও আল-হাসান নরসিংদী শহরে মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শহরের চৌয়ালা এলাকার বাসিন্দা নাইম আল-আমিন ও আল-হাসানের বোন দুই সন্তানের জননী তাসলিমা বেগমকে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন। এ নিয়ে নাইমের সঙ্গে বিরোধ ছিল ভাইদের।

তিন দিন আগে আল-আমিন বিষয়টি নিয়ে নাইমের সঙ্গে মীমাংসা করে চৌয়ালার একটি ভাড়া বাসায় ওঠেন। আল-হাসান এটা মেনে নিতে পারেননি। তিনি শুক্রবার রাতে বড় ভাইকে হত্যার হুমকি দেন। শনিবার সকালে আল-আমিন বাজার করতে বের হলে সাটিরপাড়া এলাকায় আজাদ ফিলিং স্টেশনের সামনে আল-হাসান কেঁচি দিয়ে পেটে একাধিক আঘাত করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে আল-আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা জানান, আল-আমিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পেটে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় আল-হাসান ও নাইমকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আবেদন করা হবে।