Advertisement

ঝালকাঠিতে চারা বিতরণ করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়াউদ্দিন

এশিয়া পোস্ট নিউজ
ঝালকাঠিতে চারা বিতরণ করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়াউদ্দিন
ঝালকাঠিতে চারা বিতরণ করছেন জিয়াউদ্দিন হায়দার। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত সারা দেশে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ শেষে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিয়াউদ্দিন হায়দার প্রথমে স্থানীয় বাসিন্দাদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং পরে রথযাত্রার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার এবং বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ। ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। বিভাগীয় প্রশাসন বরিশালের সার্বিক নির্দেশনায় এই কর্মসূচির আয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন।

আয়োজন শেষে শিক্ষার্থী, সনাতন ধর্মাবলম্বী এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউদ্দিন হায়দার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ সময় তিনি দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের সঠিক পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।