logo

লক্ষ্মীপুরে জামায়াতে যোগদান করলেন বিএনপির শতাধিক নেতাকর্মী

লক্ষ্মীপুরে জামায়াতে যোগদান করলেন বিএনপির শতাধিক নেতাকর্মী

লক্ষ্মীপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতাকর্মী দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে লক্ষ্মীপুর পৌর জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জামায়াতে ইসলামীর নেতারা।

লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ্ নিশানের সভাপতিত্বে এতে নবাগতদের শুভেচ্ছা প্রদানসহ দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তব্য দেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, মাওলানা নাসির উদ্দিন মাহামুদ, যুব জামায়াতের শহর সভাপতি নাছির উদ্দিন, আইনজীবী নেতা অ্যাডভোকেট মাহির হাছান প্রমুখ।

যোগদানকৃতরা হলেন— লক্ষ্মীপুর পৌর যুবদল সদস্য মেহেদী হাসান হেদায়াত, পৌর ৩নং ওয়ার্ড শ্রমিক দল সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরন, একই ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন, সদস্য জাহেদুল আবেদীন নিশান মোল্লাসহ শতাধিক নেতাকর্মী।

এ সময় জামায়াতে যোগদানকারী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন বলেন, দীর্ঘ চিন্তাভাবনার পর আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমি মনে করি, এই দল ইসলামি আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সে লক্ষ্যেই আমি তাদের সঙ্গে যুক্ত হলাম।

জেলা জামায়াতের এক নেতা জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণদের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে, যা তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।