বন্ধ গোডাউনে মিলল গলিত মরদেহ, চুরির সন্দেহে আটক ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিন বন্ধ থাকা একটি গোডাউন থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গোডাউনে চুরির সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে ফতুল্লার কুতুবাইল এলাকায় অবস্থিত ‘প্যারাডাইস ক্যাবলস লিমিটেড’-এর বন্ধ গোডাউন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—পারভেজ (২৫) ও পিয়াসের (৩০)। প্রাথমিকভাবে তারা চুরির উদ্দেশ্যে ভেতরে ঢোকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে উদ্ধার হওয়া ঘটনার সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে কুতুবাইল এলাকার ওই বন্ধ গোডাউন থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে ভেতরে তল্লাশি চালিয়ে তিনতলায় অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় ভবনের ভেতরে থাকা পারভেজ ও পিয়াসকে আটক করে পুলিশ।
নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ করলেও প্রাথমিক তথ্য পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহতের মৃত্যু অন্তত ৬ থেকে ৭ দিন আগে হয়ে থাকতে পারে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)


