logo

ময়লার স্তূপে পড়ে থাকা ‘ককটেলসদৃশ’ বস্তু বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন

ময়লার স্তূপে পড়ে থাকা ‘ককটেলসদৃশ’ বস্তু বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন
ঘটনার ঠিক আগমুহূর্তে মুদির দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী ও স্থানীয়দের সিসিটিভি ফুটেজ। ছবি: ভিডিও থেকে নেওয়া

গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপে পড়ে থাকা ‘ককটেলসদৃশ’ বস্তুর বিস্ফোরণে নূর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাথিয়াবাড়ী এলাকায় ‘নূর মডেল স্কুল’-এর সামনে এ ঘটনা টে।

আহত নূর মোহাম্মদ স্থানীয় সাথিয়াবাড়ী এলাকার একজন ফার্নিচার ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নূর মডেল স্কুলের সামনের একটি ময়লার স্তূপে পড়ে থাকা বিস্ফোরকসদৃশ বস্তুটি কৌতূহলবশত হাতে তুলে নেন নূর মোহাম্মদ। বস্তুটি কী তা না বুঝে একপর্যায়ে সেটির সেফটি রিং টেনে খুলে ফেললে সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিস্ফোরকটি হাতে নিয়ে পার্শ্ববর্তী একটি মুদির দোকানের সামনে অবস্থান করছিলেন নূর মোহাম্মদ। এ সময় তার সঙ্গে আরও দুই-তিনজন লোক ছিলেন। সেখানে দাঁড়িয়ে প্যাকেটটি খোলার চেষ্টা করতেই হঠাৎ তা বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিস্ফোরণের তোড়ে ওই ব্যবসায়ীর এক হাতের চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, হাতে করে একটি বস্তু খোলার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বস্তুটি ককটেলসদৃশ বোমা নাকি অন্য কিছু, তা বিশেষজ্ঞ দলের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। কীভাবে বস্তুটি সেখানে এলো, তাও খতিয়ে দেখা হচ্ছে।