Advertisement

পেকুয়ায় সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
পেকুয়ায় সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সাধারণ মানুষের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। ছবি: এশিয়া পোস্ট

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কক্সবাজারের পেকুয়ায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার টইটং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম টইটং নাপিতখালী দক্ষিণপাড়া ইসলামী সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অতিরিক্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসাইন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং একই সঙ্গে রোপণকৃত গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষক (জেনারেল) মোহাম্মদ মাহমুদুল হক। তিনি বলেন, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না, প্রতিটি চারাগাছ যেন পূর্ণাঙ্গ রূপ পেতে পারে সেজন্য নিয়মিত যত্ন নেওয়া জরুরি।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তহিদুল ইসলাম।

টইটং দক্ষিণপাড়া ইসলামী সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মোরশেদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী সদস্য তৈয়বুল ইসলামসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজক সংগঠনের নেতারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের এই সবুজায়ন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।