logo
Advertisement

স্কুলের লিজ নেওয়া জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

স্কুলের লিজ নেওয়া জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের
স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন। বুধবার দুপুরে মাদারীপুর বালিকা বিদ্যালয়ের সামনে। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে লিজ নেওয়া জমি দখলের অভিযোগ কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। জমিতে সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে এবং জমি উদ্ধারের দাবিতে মানববন্নন করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শহরের ডিসির ব্রিজ সংলগ্ন বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নামে যথাযথভাবে লিজ নেওয়া জমিটি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শান্তিপূর্ণ দখলে ছিল। শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন শিক্ষা কার্যক্রমে জমিটি ব্যবহার করা হয়ে আসছে।

তাদের অভিযোগ, স্থানীয় মাহবুবুর রহমান বোরহান নামে এক ব্যক্তি বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাতের বেলা ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। এতে শিক্ষার্থীদের খেলাধুলার জায়গা সংকুচিত হয়ে পড়ছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা জরুরি। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত অবস্থা নির্ধারণ, কথিত অবৈধ নির্মাণকাজ বন্ধ এবং লিজ নেওয়া জমি বিদ্যালয়ের দখলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহার, সহকারী শিক্ষক তাসলিমা খানম, নাছিমা খানম, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, জিল্লুর রহমান, ছিরাতুন নাহার, শাহিদা বেগম, মাহবুবুর রহমান, সুশান্ত বাড়ৈ, সালাউদ্দিন আহমদ, আওলাদ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত মাহবুবুর রহমান বোরহানের ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসাইন বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।