বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি, শূন্যরেখায় চারজন

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকায়।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সোনাডাঙ্গা বিওপি এলাকার আটিলা বিএসএফ ক্যাম্পসংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই চারজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা বিওপি এলাকার আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তিনজন পুরুষ ও একজন নারীকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে সোনাডাঙ্গা বিজিবি ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করে। পরে ওই চারজনকে সীমান্তের শূন্যরেখায় রাখা হয়। তাদের পরিচয় ও জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সংশ্লিষ্ট এলাকায় সার্বক্ষণিক নজরদারিও বাড়ানো হয়েছে।
নওগাঁ ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি বলেন, বর্তমানে ওই চারজনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর তৎপরতা চলছে। সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। অবৈধ উপায়ে কাউকে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেওয়া হবে না।
