Advertisement

থানার সামনে র‌্যাব সদস্য খুন

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
থানার সামনে র‌্যাব সদস্য খুন
ইমন আচার্য্য। ছবি : আইডি কার্ড থেকে

সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‌্যাব সদস্য ইমন আচার্য্য (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে সিলেট কোতোয়ালি থানার সামনে এই ঘটনা ঘটে।

থানার ওসি খান মো. মাইনুল জাকির এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত র‌্যাব সদস্য ইমন আচার্য্যের (২৬) বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তিনি র‌্যাব-৯ এ কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছিনতাইকারী ধরতে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এই সময় সাদা পোশাকে থাকা ইমন পুলিশকে সহযোগিতা করতে গেলে ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পি (২২) তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় একটি বাসায় আশ্রয় নেয় সে। সেখান থেকে তাকে আটক করা হয়।

sylhet map
sylhet map

পুলিশ সদস্যরা আহত ইমনকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ মর্গে রয়েছে। ইমনের পরিবারের সদস্যরা সিলেটের পথে রওনা দিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাইনুল জাকির বলেন, আটক ছিনতাইকারী বাপ্পিকে থানা হাজতে রাখা হয়েছে। অন্য সহযোগীদের ধরতে অভিযান চলছে।