logo

তেঁতুলবাড়ীয়া সীমান্তে ঠেলে পাঠানো ছয়জনকে ঢুকতে দেয়নি বিজিবি

তেঁতুলবাড়ীয়া সীমান্তে ঠেলে পাঠানো ছয়জনকে ঢুকতে দেয়নি বিজিবি
বিএসফের ঠেলে পাঠানো কয়েকজনকে শূন্যরেখায় দেখা যাচ্ছে। ছবি: এশিয়া পোস্ট

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ভারত থেকে ছয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ জুন) ভোরে এ ঘটনা ঘটে। পরে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয় এবং পুরো এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসএফ কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করে। এ সময় বিজিবি ও গ্রামবাসী বাধা দিলে তারা সীমান্তের ওপারে ফিরে যান। বিএসএফ তাদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয়নি।

ওই ছয়জনের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে। তাদের পরিচয় ও জাতীয়তা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব-পিলার ৫ সংলগ্ন তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছয়জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। বর্তমানে ওই ব্যক্তিরা কাঁটাতারের বেড়ার পাশে শূন্য রেখায় অবস্থান করছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মাইকিং করে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধ করেছে। সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইন বাংলাদেশ মেনে নেবে না।

তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জাতীয় স্বার্থ ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।