কিস্তির টাকা নিয়ে তর্ক, স্বামীর মারধরে স্ত্রী নিহত

পাবনার আটঘরিয়ায় কিস্তির টাকা নিয়ে তর্কের এক পর্যায়ে স্বামীর মারধরে লাইলী খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত লাইলী খাতুন উপজেলার মাছপাড়া ইউনিয়নের কচুয়ারামপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আব্দুল কুদ্দুস লাথি, কিল-ঘুসি ও লাঠি দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এতে লাইলী খাতুন গুরুতর আহত হন। পরে তাকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।