logo

হিসাব মিলছে না ২০ কার্টন খেজুরের

হিসাব মিলছে না ২০ কার্টন খেজুরের

সৌদি আরবের যুবরাজ কিং সালমান হিউম্যানিটিরিয়ান অ্যাইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে বাংলাদেশকে ১২ হাজার ৫০০ কার্টন খেজুর উপহার দেওয়া হয়েছে। উপহারের এই খেজুরের ৫২০ কার্টন কুমিল্লা জেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। তবে কুমিল্লায় ৫০০ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় দাবি করেছে, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৫২০ কার্টন উল্লেখ করা হলেও বাস্তবে এসেছে ৫০০ কার্টন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, সৌদি যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশে ১২ হাজার ৫০০ কার্টন খেজুর উপহার হিসেবে আসে। গত ১ মার্চ সেসব খেজুর জেলাভিত্তিক বণ্টনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ওয়েবসাইটে দেওয়া তালিকায় কুমিল্লার ঘরে ৫২০ কার্টন খেজুর উল্লেখ রয়েছে। 

গত ৮ মার্চ কুমিল্লার জন্য প্রাপ্ত সেসব খেজুর ১৭টি উপজেলায় বণ্টন করে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়। কিন্তু ১৭টি উপজেলায় মোট ৫০০ কার্টন খেজুর বণ্টন করা হয়। বাকি ২০ কার্টনের হিসেব নেই। যদিও সংখ্যাটিকে ভুল হিসেবে আখ্যা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী বলেন, আমাদের কাছে ৫০০ কার্টন খেজুর এসেছিল। আমরা সেগুলোই বণ্টন করেছি। অধিদপ্তর সংশোধন করে সেটি পরে ৫০০ কার্টনই করেছে।

তালিকা সংশোধন করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকা সংশোধন না, বরাদ্দটাই ৫০০ ছিল। এটাই সংশোধন করা হয়েছে।

এ বিষয়ে জানতে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামকে ফোন করা হলেও তারা কেউই ফোন ধরেননি।

এর আগে গত মঙ্গলবার (১০ মার্চ) রাতে ফেসবুকে লাইভে এসে নিজ এলাকার কর্মকাণ্ডের হিসাব তুলে ধরেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ওই লাইভে দেবিদ্বারে ৩৯ কার্টন খেজুর পাওয়ার বিষয়টি জানান তিনি। তার এই তথ্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে খেজুর নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।