সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগরে কাঁকড়া ধরতে গিয়ে আমিনুর রহমান নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার আকসেদ গাজীর ছেলে।
সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা জেলেরা।
আমিনুর রহমানের সঙ্গে থাকা জেলেদের দাবি, তারা সুন্দরবনের শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বন বিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ডাক দেন। জেলেরা কাছে না গেলে বন বিভাগের সদস্যরা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তারা। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান সঙ্গীরা।
এ বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, তিনি ইতোমধ্যে খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসিএফ), শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানায় বিষয়টি জানিয়েছেন।
ইউপি চেয়ারম্যান বলেন, বন বিভাগের ডিএফও আমাকে আশ্বস্ত করেছেন, সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয়ে বন বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, সুন্দরবনের ভেতরে বর্তমানে বনদস্যু নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে। সেখানে বন বিভাগ, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী একযোগে দায়িত্ব পালন করছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
তবে এ বিষয়ে বন বিভাগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
.png)


