মাঝ পদ্মায় লঞ্চের সঙ্গে জাহাজের সংঘর্ষ, ১০ যাত্রী আহত

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুই শতাধিক যাত্রীবোঝাই একটি লঞ্চের সঙ্গে তেলবাহী জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা ‘এমভি রেজোয়ান’ নামের লঞ্চটি মাঝ পদ্মায় পৌঁছালে একটি তেলবাহী জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের অভিযোগ, লঞ্চের মাস্টারের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কারও হাত-পা ভেঙে গেছে, আবার কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। সংঘর্ষের সময় দুই যাত্রী নদীতে পড়ে গেলেও পরে তারা সাঁতরে পুনরায় লঞ্চে উঠতে সক্ষম হন। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।
এ বিষয়ে দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক বলেন, দুর্ঘটনার পর লঞ্চটি দৌলতদিয়া ঘাটে পৌঁছালে আহতদের দ্রুত উদ্ধার করে নিরাপদে নামানো হয় এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।