গণভোটের আদেশ বাতিল করতে বিএনপি সবকিছু করছে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে প্রায় ৫ কোটি মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এখন বিএনপি ক্ষমতায় গিয়ে সেই আদেশকে বাতিল করতে যা যা করার দরকার, তাই করছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়াম মাঠে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, মানুষ আস্তে আস্তে ভুলে যায়, আস্তে আস্তে উল্টা চলে, কিন্তু তারা একমাসের আগেই উল্টা চলছে। এমন কোন মানুষকে ভোট দেওয়া যাবে না, এমন কোনো হাতকে শক্তিশালী করা যাবে না, যারা পার্লামেন্টে গেলে জনগণের সঙ্গে ওয়াদা ভঙ্গ করে, ফ্যাসিস্টদের হাতকে শক্তিশালী করে, তাদের বর্জন করতে হবে।
তিনি আরও বলেন, বিরোধীদলের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার, ফ্যাস্টুন ছিঁড়ে ফেলে এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি পোলিং ও প্রিসাইডিং অফিসারদেরকে প্রভাবিত করে স্বার্থ নিয়ে দলীয় লোক দিয়ে ইলেকশনের আবার ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র চলছে। তাই প্রশাসন ও নির্বাচন কমিশনকে বলতে চাই, যদি শেরপুর-৩ আসনে আবার ইঞ্জিনিয়ারিং চলে তাহলে আমরা দাঁড়িয়ে যাব।
ঝিনাইগাতী উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি এ আসনের নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে নতুন তপশিল ঘোষণা অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের আলহাজ্ব মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকসবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার রয়েছেন।