logo

গণঅধিকার পরিষদের বিক্রি হওয়ার আর কিছু বাকি নেই: সারজিস

গণঅধিকার পরিষদের বিক্রি হওয়ার আর কিছু বাকি নেই: সারজিস
শরীয়তপুরে আয়োজিত নাগরিক সভায় বক্তব্য দেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : এশিয়া পোস্ট

গণঅধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও মুখপাত্রের বিরুদ্ধে বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, সভাপতি বিক্রি হয়েছেন, সেক্রেটারি বিক্রি হয়েছেন, মুখপাত্রও বিক্রি হয়েছেন। এই দলের বিক্রি হওয়ার আর কিছু বাকি নেই।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুরে আয়োজিত এক নাগরিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সার ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এনসিপির শরীয়তপুর জেলা শাখা এ সভার আয়োজন করে।

সারজিস আলম বলেন, তাদের কিছু সহযোদ্ধার মধ্যে ক্ষমতার লোভ তৈরি হয়েছে। গণ অধিকার পরিষদের প্রধান নেতা প্রতিমন্ত্রীর কাছে বিক্রি হয়েছেন বলে তিনি দাবি করেন। দলটির সাধারণ সম্পাদক একজন সহকারীর জন্য নিজেকে বিক্রি করে দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। এ ছাড়া দলটির মুখপাত্র উপসচিব পদমর্যাদার একটি পদের জন্য নিজেকে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করেন সারজিস।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উদ্দেশে সারজিস আলম বলেন, সারা দেশে দলটির যারা আশাবাদী, পরিশ্রমী এবং নতুন রাজনীতির স্বপ্ন দেখেন, তাদের প্রতি আহ্বান গণ অধিকার পরিষদ তাদের যে রাজনৈতিক স্বপ্ন দেখিয়েছিল, দলটির নেতারা নিজেরাই তা ধ্বংস করেছেন। তাই দলটি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সারজিস আলম বলেন, আপনারা সবাই এনসিপিতে যোগ দিন। আমরা ঐক্যবদ্ধভাবে এ দেশ গড়ার নেতৃত্ব দেব, ইনশাআল্লাহ।

নাগরিক সভায় এনসিপির শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুজ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সভায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও দলটির সদস্য ইমরান হোসেন।

এ সময় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরসহ এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।