logo
Advertisement

নরসিংদীতে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
শিবপুর, নরসিংদী
নরসিংদীতে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার
উদ্ধার করা এক মরদেহ স্থলে নেওয়া হচ্ছে। শনিবার দুপুরে নরসিংদীর শীতলক্ষ্যা নদীর তীরে। ছবি: এশিয়া পোস্ট

নরসিংদীর শিবপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নারী ও শিশুসহ নিখোঁজ হওয়া চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। শুক্রবার বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু হয়।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন, গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ, নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ ও কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা। নিখোঁজ রয়েছেন শান্ত নামে এক যুবক।

এর আগে, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে চারজন নিখোঁজ হন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি করে তাদের সন্ধান না পেয়ে শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।

শনিবার সকালে ডুবুরি দল শীতলক্ষ্যা নদীর আশেপাশের ছয় থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে উদ্ধার অভিযান চালিয়ে দুপুর ১২টা পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। নিখোঁজ শান্তকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ডুবুরি দল। উদ্ধার কাজ শেষে মৃতদের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।