নিখোঁজের ২ দিন পর মিলশ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দুদিন পর নাদিম আকন্দ (৩৬) নামে এক মিলশ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে হাকিম নামে এক ব্যক্তি পলাতক রয়েছেন।
নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জ জেলার উত্তর জাঙ্গালিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়া সন্দেহে নাদিম ও খাদিজার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একপর্যায়ে তারা আলাদা থাকতে শুরু করেন। কিছুদিন আগে খাদিজা, হাকিম নামে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে দড়ি সত্যভান্দী এলাকায় বাতেন মিয়ার একটি ঘর ভাড়া নেন।
গত বুধবার (১৪ অক্টোবর) বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন নাদিম। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার সকালে বাতেন মিয়ার ভাড়া দেওয়া ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, নিখোঁজের দুদিন পর ভাড়া বাসা থেকে নাদিমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে পারিবারিক ও দাম্পত্য বিরোধের বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
