চাঁদপুরে বালুর ট্রাকে ভাঙছে সড়ক, বাড়ছে ভোগান্তি

চাঁদপুর জেলা সদর থেকে লক্ষ্মীপুর সড়ক এবং সদরের নানুপুর থেকে হরিণা ফেরিঘাট পর্যন্ত আঞ্চলিক সড়কে অতিরিক্ত বালু ও পাথরবোঝাই ট্রাক চলাচলে সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বারবার নোটিশ দেওয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি।
সরেজমিনে দেখা গেছে, সদরের ইসলামপুর গাছতলা থেকে বাগড়া বাজার পর্যন্ত বেশ কয়েকটি বালু ও পাথর বিক্রির প্রতিষ্ঠান গড়ে উঠেছে। একই ধরনের প্রতিষ্ঠান রয়েছে ডাকাতিয়া নদীসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জমিতে নির্মিত সড়কের দুই পাশে। বিশেষ করে ঢালিরঘাট, ওয়াবদা ও আশপাশের এলাকায় একাধিক বালুর ব্যবসা পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের ছয় ও দশ চাকার ট্রাক অতিরিক্ত মাল বোঝাই করে চলাচল করায় সড়কের পেভমেন্ট দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাগড়া বাজার এলাকার বাসিন্দা আব্দুল্লাহ শেখ ও অটোরিকশাচালক ফারুক মজুমদার বলেন, বালুবাহী ট্রাকের কারণে শুধু সড়কই নষ্ট হচ্ছে না, উড়ন্ত বালুতে যাত্রী, চালক ও পথচারীরা ভোগান্তিতে পড়ছেন। তাদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।
সড়ক বিভাগ সূত্র জানায়, সদরের মেসার্স সাইফুল এন্টারপ্রাইজ, মেসার্স মো. আব্দুল হান্নান, আফিজ উদ্দিন মুন কনস্ট্রাকশন, মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ, মেসার্স আবুল কালাম পাঠান, গাজী নির্মাণ সামগ্রী ও মেসার্স ফাতেমা ট্রেডার্সকে গত বছরের ১৯ নভেম্বর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, অতিরিক্ত বালি ও পাথরবোঝাই ১০ চাকার ট্রাক চলাচলের কারণে সড়কের পেভমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হলেও অধিক লোডের কারণে তা আবার নষ্ট হয়ে যাচ্ছে এবং ক্ষতির পরিমাণ বাড়ছে। এ ধরনের পরিবহন বন্ধ না হলে সড়ক আইনে ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়।
সাইফুল এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর খান বলেন, তার প্রতিষ্ঠানে অতিরিক্ত লোডের গাড়ি নেই। পাশের কয়েকটি প্রতিষ্ঠানের গাড়ির কারণে সমস্যা তৈরি হচ্ছে বলে তিনি দাবি করেন।
সড়কের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এবং লিখিত নোটিশও দেওয়া হয়েছে। কিন্তু এখনো অধিক লোডের ট্রাক চলাচল বন্ধ হয়নি।
চাঁদপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শাহিনুর রহমান বলেন, বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে গত ১৪ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে নির্বাহী প্রকৌশলী চিঠি দিয়েছেন। শিগগিরই সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।