logo

পানির সংকটে দুর্ভোগে বান্দরবান পৌরসভার বাসিন্দারা

পানির সংকটে দুর্ভোগে বান্দরবান পৌরসভার বাসিন্দারা
বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ছবি : এশিয়া পোস্ট

বান্দরবানে সাপ্লাই পানির তীব্র সংকটে ভুগছে পৌরসভার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে নিয়মিত পানি সরবরাহ না থাকায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। খাবার পানির অভাবে শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সি মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে। তীব্র গরমের মধ্যে এই সংকট জনজীবনে চরম ভোগান্তি তৈরি করেছে।

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তামিম আজিজ জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানির লাইন স্থাপনের জন্য দীর্ঘদিন আগে কাজ শুরু হলেও এখনও তা পুরোপুরি সম্পন্ন হয়নি। কাজের ধীরগতির কারণে এলাকাবাসী নিরবচ্ছিন্ন পানি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

একই এলাকার আরেক বাসিন্দা জমির উদ্দীন বলেন, পানি মানুষের একটি মৌলিক চাহিদা। সময়মতো পানি না পাওয়ায় তার পরিবারের সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন। তিনি দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জুলহাস মিয়া বলেন, সাম্প্রতিক সময়ে বান্দরবানে টানা বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। এতে পানি উত্তোলনের মোটর চালু রাখা সম্ভব হয়নি। এ ছাড়া বিদ্যুৎ সংযোগের দুটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় পানি সরবরাহ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

তিনি আরও বলেন, অতিবৃষ্টির ফলে নদীর পানি ঘোলাটে হয়ে যাওয়ায় পানি পরিশোধন প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে। এসব কারণেই পৌর এলাকায় নিয়মিত পানি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। তবে দ্রুত ট্রান্সফরমার মেরামত এবং অন্যান্য সমস্যা সমাধানের মাধ্যমে স্বাভাবিক পানি সরবরাহ চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।