logo

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির পাঙাশ, ৭১ হাজার টাকায় বিক্রি

পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির পাঙাশ, ৭১ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ। প্রায় ২৫ কেজি ওজনের মাছটি শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ৭১ হাজার ২৫০ টাকায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে। স্থানীয় জেলে এরশাদ তার সহযোগীদের নিয়ে নদীতে মাছ শিকারে নামেন। ভোর ৫টার দিকে জালে অস্বাভাবিক চাপ অনুভব করলে তারা জাল টেনে তোলেন। পরে দেখা যায়, বড় আকারের একটি পাঙাশ মাছ আটকা পড়েছে।

পরে মাছটি দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নেওয়া হলে ওজন করে ২৫ কেজি পাওয়া যায়। সেখানে উন্মুক্ত নিলামে মাছটি প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মোট ৭০ হাজার টাকায় কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

পরবর্তীতে তিনি মাছটি কুষ্টিয়ার পোড়াদহ এলাকার এক শিল্পপতির কাছে প্রতি কেজি ২ হাজার ৮৫০ টাকা দরে মোট ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি করেন।

চান্দু মোল্লা জানান, পদ্মার বড় পাঙাশ মাছের বাজারে আলাদা চাহিদা রয়েছে। এজন্য বেশি দাম দিয়েও মাছটি কিনেছেন। পরে বিশেষ ব্যবস্থায় মাছটি ক্রেতার ঠিকানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।