বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২
স্বজনদের আহাজারি। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুরের শিবচর উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের ঝিনাইরগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার মাদবরেরকান্দি গ্রামের ৯ বছর বয়সি শিশু আয়েশা এবং রিমি আক্তার। নিহতরা সম্পর্কে চাচি ও ভাতিজি।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদবরেরকান্দি গ্রাম থেকে শিশু আয়েশা ও তার পরিবারের সদস্যরা পাশের কাদিরপুর গ্রামে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইজিবাইকে করে যাচ্ছিলেন। পথে ঝিনাইরগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আয়েশা ও রিমির মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত বাকি চারজনকে স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।