logo

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে মাইকে বাজানো হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান। ছবি: ভিডিও থেকে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে বিএনপির আয়োজিত এক কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি গান বেজে উঠেছে। ইউটিউব থেকে দলীয় গান প্রচারের সময় স্বয়ংক্রিয়ভাবে গানটি চালু হয়ে যায় বলে জানিয়েছেন পুলিশ ও আয়োজকেরা।

শনিবার (৭ নভেম্বর) এ ঘটনার ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে মাইকে বিএনপির দলীয় গান ও ভাষণ প্রচার করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আগ্রাবাদের একটি কর্মসূচিতে হঠাৎ বেজে ওঠে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি। গানটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রচিত। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, সারা দিন দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। তবে ঘটনার নেপথ্যে কারা রয়েছেন, তা খোঁজ নিয়ে দেখা হবে।

এ বিষয়ে বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা বলেন, অন্য একটি দলের গান বাজানোর ভিডিওটি তার নজরে এসেছে। কীভাবে ঘটনাটি ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকেরা পুলিশকে জানিয়েছেন, ইউটিউবে একের পর এক গান স্বয়ংক্রিয়ভাবে চলার সময় অসতর্কতাবশত গানটি বেজে ওঠে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত গানটি বন্ধ করে দেওয়া হয়। এটি ইচ্ছাকৃতভাবে করা হয়নি বলেও দাবি করেছেন আয়োজকেরা।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট