Advertisement

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৬

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৬
নিহত মোসলেম উদ্দিন প্রামানিক। ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক সেনাসদস্য মোসলেম উদ্দিন প্রামাণিককে (৬২) পিটিয়ে হত্যার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার কাজলা ইউনিয়নের চর পাকুড়িয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোসলেম উদ্দিন উপজেলার কাজলা ইউনিয়নের পাটুয়ার চর গ্রামের আব্দুল মান্নান প্রামাণিকের ছেলে। তিনি কাজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সেনাসদস্য ছিলেন।

এ ঘটনায় আটককৃতরা হলেন—জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর শুভগাছা এলাকার মৃত আসাদুজ্জামান খানের ছেলে হায়দার আলী খান (৭০) ও গিয়াস আলী খান (৭৫), সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের চর পাকুড়িয়া এলাকার মৃত দুদু সরকারের ছেলে মিন্টু সরকার (৫৬), মোখলেছুর রহমানের ছেলে সুজন মণ্ডল (৩২), মৃত ময়েজ মণ্ডলের ছেলে মোখলেছুর রহমান (৫৫) এবং ইলিয়াস সরকারের ছেলে সোহেল সরকার (৩৫)।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, একই এলাকার নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের জমিজমা ও গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাত আটটার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করেন এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলায় লোহার রডের আঘাতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত একটার দিকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ভাই ও কাজলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই তার ভাইকে একা পেয়ে হামলা চালানো হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি জানান।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানোর পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় :বগুড়া