logo
Advertisement

‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

এশিয়া পোস্ট নিউজ, মেহেরপুর
‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’
উদ্ধার হওয়া বোমাসদৃশ বস্তু ও চিরকুট। ছবি: এশিয়া পোস্ট

মেহেরপুরের গাংনীতে এক শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তুটি ও চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

Advertisement

বুধবার (১ জুলাই) সকালে উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আক্কাস আলী গাংনী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

উদ্ধার হওয়া চিরকুটে লেখা- ‘দেয়াল দিচ্ছি রাস্তার পাশ দিয়ে, পানি নামতে না দিলে বোম মেরে মেরে ফেলব। দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন।’

পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির সিঁড়ির নিচে লাল টেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু এবং একটি হুমকিমূলক চিরকুট দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি ও পানি নিষ্কাশনকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে জমি পরিমাপও করা হয়। এ ঘটনার পেছনে ওই বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছি আমরা।