logo

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলরের বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলরের বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা
গাজীপুর মহানগরীর কাশিমপুরে সাবেক কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লার বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া তোশক ও আসবাবপত্র। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের এক দিন পর তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বাড়েন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সাবেক ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাশিমপুর থানা শাখার সাবেক নেতা ও মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লাকে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার গাজীপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর একদিন পর শনিবার সকাল ৬টার দিকে একদল দুর্বৃত্ত বাড়েন্ডা এলাকায় তার বাড়িতে অগ্নিসংযোগ করে। মুহূর্তেই আগুন তার বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। পরিবারের দাবি, ঘরে অগ্নিসংযোগ করার আগে দুর্বৃত্তরা লুটপাট চালিয়েছে।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল হক বলেন, আগুন লাগার পেছনে বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়ির উত্তর পাশের নিচতলার একটি জানালার লক ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন লাগিয়ে থাকতে পারে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বলেন, সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। তার বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।