নাটোরে জামায়াতের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান

গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও প্রতিকারের দাবিতে প্রতিবাদ সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা হয়। সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রাশেদুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নাটোর জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, জেলা কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম এবং সদর উপজেলা আমির মাওলানা মীর নুরুন্নবী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাসাবাড়ি ও বাণিজ্যিকভাবে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে রান্নাবান্নার কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি বহু ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া তীব্র গরমে দিন-রাত ঘন ঘন লোডশেডিংয়ের ফলে শিক্ষার্থীদের পড়াশোনা, চিকিৎসাসেবা, কৃষি সেচব্যবস্থা ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
এতে আরও বলা হয়, বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে এবং ভূতুড়ে বিল দিয়ে গ্রাহকদের পকেট কাটা হচ্ছে। পাশাপাশি চাল, ডাল, তেল ও শাকসবজিসহ সব ধরনের নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বাজার মনিটরিংয়ের অভাবে অসাধু সিন্ডিকেট ইচ্ছেমতো পণ্যের দাম বাড়াচ্ছে।
এই লাগামহীন সংকট চলতে থাকলে দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করতে এবং জনদুর্ভোগ কমাতে এসব দাবি দ্রুত আমলে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।



