logo

বরিশালে গোপনে দোয়া মাহফিল ছাত্রলীগ-যুবলীগের

বরিশালে গোপনে দোয়া মাহফিল ছাত্রলীগ-যুবলীগের
দোয়া মাহফিলে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহান আরা আবদুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপনে দোয়া ও মিলাদ মাহফিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা।

রোববার (৭ জুন) নগরীর একটি এতিমখানায় এই দোয়া ও মিলাদ মাহফিল করেন তারা। এরই মধ্যে ওই দোয়া ও মিলাদ মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, গোপনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক ও পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিকসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মরহুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করেন তারা।

বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের একের পর এক কর্মসূচী হওয়ায় এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, আমাদের টিম সিভিল ড্রেসে টহলে আছে। কোথাও ওয়ারেন্টভুক্ত কোনো মামলার আসামি পেলে দ্রুত আইনের আওতায় আনা হবে।

২০২০ সালের ৭ জুন মারা যান সাহান আরা আবদুল্লাহ। তিনি বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা।