সুপারি গাছে না ওঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুর সদরে সুপারি গাছে উঠতে রাজি না হওয়ায় রিয়াদ হোসেন (১২) নামের এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উছেঠে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ঘাতক রুবেল হোসেন পলাতক রয়েছে।
নিহত রিয়াদ চররুহিতা এলাকার অটোরিকশাচালক শাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার দিনমজুর মো. মিলনের ছেলে। স্থানীয়দের দাবি, রুবেল মাদকাসক্ত।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় শিশু রিয়াদকে জোরপূর্বক একটি সুপারি গাছে উঠতে বলে রুবেল। কিন্তু রিয়াদ গাছে উঠতে অপারগতা প্রকাশ করলে রুবেল ক্ষিপ্ত হয়ে তার বুকে ছুরিকাঘাত করে। রিয়াদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন বলেন, সুপারি গাছে না ওঠায় ক্ষিপ্ত হয়ে শিশুটিকে ছুরি দিয়ে আঘাত করে রুবেল। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে সে পালিয়েছে। স্থানীয়রাসহ আমরা তাকে খোঁজাখুঁজি করছি।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



