চাঁদা না দেওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে গুলি করা হয় দাবি স্থানীয় প্রবাসীদের।
বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বুষ্টার এলাকার কাছাকাছি জুলুটেম্বা নামের একটি এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে তাকে গুলি করা হয়।
নিহত মারুফ বেপারি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিড্যা গ্রামের মৃত আব্দুস সোবহান বেপারির ছেলে। তিনি দক্ষিণ আফ্রিকায় এক দশকেরও বেশি সময় ধরে ব্যবসা করছিলেন। দেশটির একটি হাসপাতালে মারুফের মরদেহ রাখা হয়েছে।
মারুফের পরিচিত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ভাষ্য, তিনি ১০ বছরের বেশি সময় ধরে জুলুটেম্বা এলাকায় ব্যবসা করছিলেন। ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় কিছু ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করে আসছিল। সম্প্রতি এনিয়ে তাদের সঙ্গে মারুফের বিরোধ হয়। এর জেরেই তাকে গুলি করা হয়েছে।
তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে দক্ষিণ আফ্রিকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের স্বজন কামরুজ্জামান বেপারি বলেন, চাঁদার জন্য বিদেশের মাটিতে আমার কাকাকে জীবন দিতে হয়েছে। ওখানকার দূতাবাস কি এগুলো দেখে না?
তিনি বলেন, জীবন তো আর ফিরে পাওয়া যাবে না। আমাদের এখন একমাত্র চাওয়া, সরকার দ্রুত উদ্যোগ নিয়ে মারুফের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক।
