সাকিবের বাড়ির সামনে আয়াসের বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড়ের বাসার সামনে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) সভাপতি আ ন ম আয়াসের কথিত বিতর্কিত আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কেশব মোড়ে সাকিব আল হাসানের বাসার সামনের গেটের কাছে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আ ন ম আয়াস সাকিব আল হাসানের বাসার সামনের গেটের কাছে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। এ সময় তাকে সাকিব আল হাসানকে উদ্দেশ করে কিছু কথা বলতেও শোনা যায়।
তবে ভিডিওটি কে ধারণ করেছেন কিংবা প্রথম কোথা থেকে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও এ বিষয়ে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে ২০ সেপ্টেম্বর মাগুরায় যান রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াস। বিভিন্ন কর্মসূচি শেষে রাতে তিনি সাকিব আল হাসানের বাসার সামনে যান। সেখানেই ভিডিওতে ধারণ করা ওই আচরণের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।
এদিকে সাকিব আল হাসানসহ ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে ওই আবেদন করা হয়েছিল।
