সন্দ্বীপে আঘাত হেনেছে টর্নেডো, ৩০ দোকান-বসতবাড়ি ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামের বঙ্গোপসাগরের উপকূলের দ্বীপ এলাকা সন্দ্বীপে টর্নেডো আঘাত হেনেছে। এতে বেশ কিছু দোকানপাট ও বসতবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া গ্রামে টর্নেডোটি আঘাত হানে।
মগধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ ঘটনার পরপরই টর্নেডোতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। ঘটনাস্থল থেকে তিনি এশিয়া পোস্টকে বলেন, টর্নেডোর আঘাতে একটি দোকানের চালা, বেড়া মালামাল সব উড়ে গেছে। বেশ কয়েকটা ঘরের চালাও উড়ে গেছে। ২০-২৫টা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিও উঠেছে কিছু ঘরে। তবে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।
কাউসার আহমেদ বলেন, প্রশাসনকে জানানো হয়েছে। তবে এখনো প্রশাসনের কেউ ঘটনাস্থলে আসেনি। আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।
ওই এলাকায় কাউসার আহমেদের একটি ব্রিকস ফিল্ড রয়েছে। টর্নেডোতে ওই ব্রিকস ফিল্ডেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে টর্নেডোর এক মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, টর্নেডোর প্রভাবে সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে। আশপাশের এলাকায় নারী ও শিশুরা ভয়ে আর্তনাদ করছে।





