Advertisement

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে একজন নিহত

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে একজন নিহত
এশিয়া পোস্ট গ্রাফিক্স

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন নিহত এবং অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ছয়জন হলেন—রওশন আক্তার, মহিউদ্দিন, মোহাম্মদ মান্নান, সোনিয়া আক্তার, অর্পিতা শাহ ও আরিফ মো. ইউসুফ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

সকাল ৯টা ১০ মিনিটে হাসপাতালে পৌঁছালে চিকিৎসক অজ্ঞাতনামা ওই যুবককে মৃত ঘোষণা করেন এবং তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ছাড়া আহত বাকি ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন কক্সবাজারের রামু থানার পাখির কাটা এলাকার বাসিন্দা মোহাম্মদ আয়াতুল্লাহ এবং কুমিরা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।