দেড় বছরের শিশুসহ গ্রেপ্তার সেই নারীর জামিন

সিরাজগঞ্জের তাড়াশে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় দেড় বছরের শিশুসহ গ্রেপ্তার হওয়া জান্নাতি খাতুন (২৫) নামে এক নারী জামিন পেয়েছেন।
শুক্রবার (১ মে) সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক ওবায়দুল হক রুমি তার জামিন মঞ্জুর করেন।
জান্নাতি খাতুন উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের বাসিন্দা ও আব্দুর রাজ্জাকের স্ত্রী।
এর আগে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তাড়াশ থানা পুলিশ। এ সময় তার দেড় বছরের শিশুসন্তানকেও সঙ্গে নেওয়া হয়।
জানা গেছে, জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক একটি বেসরকারি সংস্থার ক্ষুদ্র ঋণ প্রকল্পে কর্মরত ছিলেন। চাকরির শর্ত অনুযায়ী তিনি ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা রাখেন এবং স্ত্রীর নামে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। পরবর্তী সময়ে চাকরি ছাড়ার পর ঋণের কিছু অংশ পরিশোধ করা হলেও বাকি টাকা পরিশোধ না হওয়ায় সংস্থাটি আদালতে মামলা করে।
আব্দুর রাজ্জাক বলেন, ৫০ হাজার টাকা ঋণের মধ্যে কিস্তিতে প্রায় ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। আমার চাকরির জামানত হিসেবে রাখা ২৪ হাজার ৮০০ টাকা স্ত্রীর ঋণের সঙ্গে সমন্বয় করতে ম্যানেজারকে অনুরোধ করেছিলাম। কিন্তু এনজিও কর্তৃপক্ষ জামানতের টাকা সমন্বয় না করে উল্টো আমার স্ত্রীর নামে আদালতে মামলা করেন। তারা জামানতের টাকাও ফেরত দেয়নি।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানি বলেন, এনআই অ্যাক্টের মামলায় ওই গৃহবধূকে তাড়াশ থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। সকালে বিচারক তার জামিন মঞ্জুর করেন।