পাঁচ মাসেই প্রধানমন্ত্রী অনেক চমক দেখিয়েছেন: বিএমডিএ চেয়ারম্যান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হাসান জাফির তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর মাত্র পাঁচ মাসের মধ্যেই নানা উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশবাসীকে চমক দেখিয়েছেন। সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের সুফল ইতোমধ্যে দেশের মানুষ পেতে শুরু করেছে।
রোববার (২ আগস্ট) দুপুরে পাবনার চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএমডিএ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে পাবনা-৩ আসনে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এবং সরকার যে দায়িত্ব দিয়েছে, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে দেশের প্রতিটি এলাকায় ব্যাপকভাবে গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
হাসান জাফির তুহিন বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হতে হবে। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। আগের সরকারের সময় লাগানো অনেক গাছ পরিচর্যার অভাবে নষ্ট হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার শতভাগ সফলতার সঙ্গে এ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বিএমডিএ পাবনার নির্বাহী প্রকৌশলী সাইফুন্নাহার, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছা নাছের চৌধুরী, ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন, চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।