logo

পাবনা পুলিশ লাইন্স স্কুলে পাখা খুলে পড়ে শিক্ষার্থী আহত

পাবনা পুলিশ লাইন্স স্কুলে পাখা খুলে পড়ে শিক্ষার্থী আহত
পুলিশ লাইন্স স্কুল ও আহত শিক্ষার্থী। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে পাঠদানের সময় বৈদ্যুতিক পাখা খুলে পড়ে এক শিশুশিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাঠদানের সময় স্কুলের পঞ্চম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।

টিফিন শেষে পাঠদান শুরু হয় সকাল ১০টা ২০ মিনিটে। ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের দ্বিতীয় তলার ৪০৩ নম্বর রুমে পঞ্চম শ্রেণির পাখাটি খুলে শিক্ষার্থী তামজিদের মাথায় পড়ে। এতে তার মাথা ফেটে আহত হয়। স্কুলের শিক্ষকরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পাবনা পুলিশ লাইন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম বলেন, আমরা শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও ওষুধসহ অভিভাবককে ডেকে এনে বুঝিয়ে দিয়েছি। আঘাত খুব গুরুতর নয়।

তিনি আরও বলেন, আমরা সব সময় স্কুলের বৈদ্যুতিক জিনিসগুলো চেক করি। এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই পুনরায় সব ফ্যান চেক করা হবে। ভেঙে যাওয়া ফ্যানের পরিবর্তে নতুন ফ্যান স্থাপন করা হবে।

এ বিষয়ে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা অবগত নই। কেউ আমাকে জানায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রেজিনূর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে সব কিছু চেক করেছি। ঘটনা খতিয়ে দেখা হবে।