logo

কেরানীগঞ্জে পোশাকপল্লীতে অগ্নিকাণ্ড, তদন্তে ৫ সদস্যের কমিটি

কেরানীগঞ্জে পোশাকপল্লীতে অগ্নিকাণ্ড, তদন্তে ৫ সদস্যের কমিটি
কেরানীগঞ্জে পোশাকপল্লীতে আগুন নেভায় ফায়রসার্ভিসের সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পোশাকপল্লীর একটি বহুতল মার্কেটের কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে কালিগঞ্জ জোড়া ব্রিজ এলাকার আবুল হোসেন মার্কেট চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এ কমিটি গঠন করা হয়।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে মার্কেটের চারতলায় অবস্থিত কাপড়ের গোডাউন থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা।

কিছুক্ষণের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে সংলগ্ন এলাকায় চরম আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। তবে মার্কেটে প্রবেশের সড়ক অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী শুভাঢ্যা খাল খননের কাজে নিয়োজিত সেনাবাহিনীর এক্সকেভেটর দিয়ে উদ্ধার কাজ করে ফায়ার সার্ভিস।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আক্তার হোসেন এশিয়া পোস্টকে জানান, সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পাঁচটি ইউনিটের যৌথ চেষ্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যাবে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান।

এদিকে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।