Advertisement

মোটরসাইকেলে ঘোরাঘুরির আড়ালে মাদক পাচার, এক লাখ ইয়াবা জব্দ

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
মোটরসাইকেলে ঘোরাঘুরির আড়ালে মাদক পাচার, এক লাখ ইয়াবা জব্দ
জব্দ করা ইয়াবা ও মোটরসাইকেল। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

মোটরসাইকেলে দলবেঁধে ঘুরতে বের হওয়া এবং ঘোরাঘুরির আড়ালে করা হয় মাদক পাচার। এমন একটি চক্রের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের সামনের সড়ক থেকে চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।

আটকরা হলেন, কক্সবাজারের রামুর মো. বশির, মো. সাইফুল, মো. হাসান, মো. হোসেন, কক্সবাজার সদরের বেলাল উদ্দিন এবং ঈদগাঁও থানার নুরুল মোস্তফা ।

র‍্যাব জানায়, কক্সবাজার থেকে মোটরসাইকেলে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে পাঁচটি মোটরসাইকেলসহ ওই ছয়জনকে আটক করা হয়। মোটরসাইকেলের বক্সে থাকা কাঁধব্যাগে বিশেষ কৌশলে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে করে মাদক চোরাচালান চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।