logo

এবার আলোচনায় বরিশালের ‘রিকিশি’

এবার আলোচনায় বরিশালের ‘রিকিশি’
কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে বিশালাকৃতির গরু ‘রিকিশি’। ছবি: এশিয়া পোস্ট

রিকিশি; ৯০ দশকে রেসলিংয়ের (ডব্লিউডব্লিউই) পরিচিত নাম। ছিলেন বিশাল দেহের অধিকারী। দীর্ঘ লড়াই শেষে খেলায় অনিয়মিত হয়েছেন তিনি। এখন তাকে মাঠে দেখা যায় না। হঠাৎ রিকিশি আলোচানায় উঠে এসেছেন বরিশালে; তা-ও আবার আসন্ন কোরবানি (ঈদুল আজহা) ঘিরে। এই রিকিশিরও দেহের গড়ন বিশালাকৃতির।

পাঁচ মাস আগে বরিশালের একটি খামারে নিয়ে আসা হয় রিকিশিকে। আদর-যত্নে শুরু হয় লালন-পালন। প্রতিদিন নিয়ম করে করানো হয় দুইবার গোসল। প্রিয় খাবার ভুসি ও ঘাস। প্রায় এক হাজার ১০০ কেজি ওজনের গরু কোরবানির জন্য বিক্রির আশা করা হচ্ছে।

বরিশালের এমইপি এগ্রো খামারে রিকিশিকে দেখভালের দায়িত্বে আছেন মো. শাহাদাত। তিনি বলেন, আমার সঙ্গে রিকিশির গভীর সম্পর্ক। নিজের সন্তানের মতো করে দেখভাল করি তাকে। ওর পাশ দিয়ে হেঁটেও যাই, আদর না করলে রাগ হয়। আমার সঙ্গে ওর সব রাগ-অভিমান-আনন্দ।

শাহাদাত বলেস, কোরবানিতে যদি ওর বিক্রি হয়ে যায় জানি না কী করে নিজেকে সামাল দেব। আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে রিকিশি। আল্লাহ যদি আমাকে টাকাপয়সা দিত যে করেই হোক ওরে কিনে রেখে দিতাম।

Rikishi2
Rikishi2

ফ্রিজিয়ান জাতের গরু রিকিশি বরিশালের সবচেয়ে বড় গরু দাবি করে পালনকারী বলছেন প্রতিদিন খাবারের জন্য ব্যয় হয় ৯০০ থেকে এক হাজার টাকা। রাখা হয় চিকিৎসকের তত্ত্বাবধানে। কোরবানিকে কেন্দ্র করে দাম চাওয়া হচ্ছে ৯ লাখ টাকা।

এমইপি এগ্রোর ইনচার্জ রাফিউর রহমান অমি বলেন, প্রতিদিন অন্য সব গরুর চেয়ে রিকিশিকে আলাদা আদর-যত্ন করা হয়। রিকিশিকে ভালো দামে বিক্রি করতে পারব। ওকে প্রথম দেখায় ৯০ দশকের ডব্লিউডব্লিউই প্রতিযোগী রিকিশির মতো মনে হওয়ায় শখ করে ওর নাম রাখা হয়েছে রিকিশি।

বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, চলতি বছর বরিশালে ৩৯ হাজার ১৫ জন খামারির কাছে কোরবানিযোগী পশু আছে চার লাখ ৬৮ হাজার ৪৪৫টি। বিপরীতে চাহিদা আছে চার লাখ ৭৮৩টি। ফলে উদ্বৃত্ত থেকে যেতে পারে ৬৭ জাচার ৬৬২টি পশু।